অতিরিক্ত ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) নিশ্চিত করার কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগ থেকে অন্তত পাঁচটি দল অংশ নেবে।
বিজ্ঞাপন
গতকাল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে স্পোর্তিং সিপির বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের জয়ে এই অতিরিক্ত স্থান নিশ্চিত হয়ে গেছে। তাদের জয়ে এই মৌসুমের কোয়েফিশিয়েন্ট র্যাংকিংয়ে উয়েফার শীর্ষ দুটি লিগে ইংল্যান্ডের অবস্থান নিশ্চিত হয়েছে।
এনিয়ে টানা দ্বিতীয় বছরে প্রিমিয়ার লিগ একটি অতিরিক্ত স্থান অর্জন করল। এই মৌসুমের প্রতিযোগিতায় লিভারপুল, আর্সেনাল, ম্যানসিটি, চেলসি ও নিউক্যাসেল অংশ নিয়েছিল। ইউরোপা লিগ জেতার কারণে ষষ্ঠ দল হিসেবে ইউরোপ সেরার মঞ্চে খেলার যোগ্যতা পায় টটেনহ্যাম।
চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ– এই তিনটি লিগ জুড়ে সেরা পারফর্ম করা দুটি লিগকে বোনাস স্পট উপহার দেয় উয়েফা। এই মৌসুমের বেশিরভাগ সময় এই তালিকায় শীর্ষে থেকেছে ইংল্যান্ড।
বিজ্ঞাপন
চলতি মৌসুমে এই তিন প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ দলের সবাই গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে, এর মধ্যে পাঁচটি দল কোয়ার্টার ফাইনালে।
পঞ্চম হয়ে কোন দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, সেই লড়াই এখন উন্মুক্ত। ৪৯ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচে লিভারপুল। কিন্তু ষষ্ঠ স্থানে থাকা চেলসির চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি তাদের। এছাড়া ব্রেন্টফোর্ড ও এভারটন মাত্র তিনটি করে পয়েন্ট পেছনে। ১৩তম স্থান থেকে পঞ্চম স্থানের পার্থক্য কেবল সাত পয়েন্টের।
এফএইচএম/
