বিজ্ঞাপন

ফেডারেশন কাপের ফাইনাল কিংস অ্যারেনায়, অনিশ্চিত স্বাধীনতা কাপ

অ+
অ-
ফেডারেশন কাপের ফাইনাল কিংস অ্যারেনায়, অনিশ্চিত স্বাধীনতা কাপ

ঘরোয়া ফুটবলে এবারের মৌসুমে সুপার কাপ হওয়ার কথা ছিল। প্রথম ও দ্বিতীয় লেগের মধ্যবর্তী সময়ে সেই টুর্নামেন্ট হয়নি। লিগ শেষে শুধুমাত্র দেশি ফুটবলার নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা স্বাধীনতা কাপ। আজ লিগ কমিটির সভা হলেও সেই টুর্নামেন্টেরও নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, 'জাতীয় দলের প্রস্তুতি ও অন্যান্য কারণে লিগ শেষ হতে মে মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। ১ জুন থেকে আগামী মৌসুমের দলবদল। স্বাধীনতা কাপ আয়োজনের জন্য সেই রকম সময় নেই। এরপরও এটি নিয়ে ১৯ এপ্রিল নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে।'

আজকের সভায় ২০২৬-২৭ মৌসুমের খসড়া পঞ্জি তৈরি হয়েছে। ১ জুন দলবদল শুরু হয়ে ১৩ আগস্ট শেষ। সেপ্টেম্বর থেকে লিগ শুরুর পরিকল্পনা। চলমান মৌসুমের মতো আগামী মৌসুমেও লিগ, ফেডারেশন কাপের পাশাপাশি স্বাধীনতা কাপ, সুপার কাপ রাখা হয়েছে সূচিতে। শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয় সেটাই দেখার বিষয়। 

দেশের দুই শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস এখনো ফিফার নিষেধাজ্ঞায়। ফুটবলারদের প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ না করলে সেই নিষেধাজ্ঞা কাটবে না। আবাহনী ও বসুন্ধরা কিংসের দলবদল অনিশ্চয়তা নিয়ে জাকির হোসেন চৌধুরি বলেন, 'এটা সংশ্লিষ্ট দুই ক্লাবের বিষয়। আমাদের সভায় এটি নিয়ে আলোচনা হয়নি।'

বিজ্ঞাপন

চলতি মৌসুমে ফেডারেশন কাপ চলছে। গ্রুপ পর্বের ভেন্যু নির্ধারণ হলেও ফাইনাল কোন ভেন্যুতে হবে সেটা নির্ধারিত ছিল না। আজ মিটিংয়ের পর সাংবাদিকদের মাধ্যমে ভেন্যু ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ১৯ মে ফাইনালের ভেন্যু কিংস অ্যারেনা চূড়ান্ত হয়।

আজ বাফুফে ভবনে লিগ কমিটির সভা হয়েছিল। সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সশরীরে বাফুফে ভবনে আসেননি। অবশ্যই অনলাইনে যুক্ত ছিলেন। ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হয়েও তিনি ফেডারেশনের নির্বাহী সভাতেও অনুপস্থিত থাকেন। বাফুফের গত নির্বাচনে তিনিই একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার আগে ৩৬০ ডিগ্রি পরিকল্পনাও দিয়েছিলেন। ফেডারেশনের কমিটির দেড় বছর পেরিয়ে গেলেও সেটার তেমন বাস্তবায়ন তো নেই-ই উল্টো তিনি একেবারে নিষ্ক্রয়।

এজেড/এইচজেএস