চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এখনো শক্ত হাতেই ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। বর্তমান চ্যাম্পিয়নরা ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। গতকাল (মঙ্গলবার) ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়েছে তারা।
বিজ্ঞাপন
অ্যানফিল্ডে ২-০ গোলের জয়ে দুই লেগে ৪-০ ব্যবধানে শেষ চারে পিএসজি। ইউরোপের সর্বকালের শীর্ষ বিজয়ী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে শিরোপা ধরে রাখার বেশ কাছে তারা।
কোচ লুইস এনরিকে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা কঠিন, আমরা সেটা জানি। আবারো আমরা এখানে এবং এই সুযোগগুলোর বেশিরভাগ কাজে লাগাতে হবে।’
ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে লিভারপুলের স্বপ্ন চুরমার করে দেন। তারা সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ কিংবা মাদ্রিদের মুখোমুখি হবে।
বিজ্ঞাপন
নকআউট পর্বে পিএসজি টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল। এছাড়া প্রথম ফরাসি ক্লাব হিসেবে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তারা।
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা বিশেষ কিছু এবং পিএসজি সেই কীর্তি গড়ার বেশ কাছে। ২০১৬-১৮ পর্যন্ত মাদ্রিদ হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। কিন্তু ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ নামধারণের পর তারা ছাড়া আর কোনো দল টানা দুইবার ট্রফি জিততে পারেনি।
গত বছর প্রথমবার ইউরোপ বিজয়ের পর সেই ইতিহাস গড়ার পথে পিএসজি। বার্সেলোনার সঙ্গেও একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ী এনরিকে বললেন, ‘এটা জেনে সত্যিই আনন্দিত যে আমার দল এই পর্যায়ের এবং কাদের বিপক্ষে খেলছে সেটা না ভেবেই এমন পর্যায়ে খেলে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কোন ধরনের দল, আমাদের দলে কোন খেলোয়াড় আছে। আমাদের আত্মবিশ্বাস ও বিশ্বাস আছে। এই দলের সঙ্গে এমন অভিজ্ঞতা অর্জন করা চমৎকার।’
বিজ্ঞাপন
৭২তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান দেম্বেলে। তার প্রথম গোলেই লিভারপুলের আশা শেষ হয়ে যায়। আর তার দ্বিতীয় গোলটি এসেছে স্টপেজ টাইমে।
দেম্বেলে বললেন, ‘আমরা খুব খুশি যে এই খেলা আমরা জিততে পেরেছি। কারণ এটা ছিল সত্যিই কঠিন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আমরা জেতার উপায় খুঁজে পেলাম, আমরা সেমিফাইনালে এবং আনন্দিত।’
এফএইচএম/
