বিজ্ঞাপন

‘বার্সেলোনা সর্বস্ব দিলেও ভাগ্য পক্ষে ছিল না’

অ+
অ-
‘বার্সেলোনা সর্বস্ব দিলেও ভাগ্য পক্ষে ছিল না’

গতবার সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এবার তারা কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেল। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে দ্বিতীয় লেগ ২-১ গোলে জিতেও শেষ হলো তাদের ইউরোপ বিজয়ের স্বপ্ন। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ২০১৭ সালের পর প্রথমবার সেমিফাইনালে অ্যাতলেটিকো।  ম্যাচ শেষে স্বাভাবিকভাবে হতাশ পুরো দল, বিশেষ করে অফসাইডে একটি গোল বাতিল হওয়ার কারণে।

বিজ্ঞাপন

ম্যাচের পর কোচ হ্যান্সি ফ্লিক বললেন, ‘আমরা হতাশ। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে প্রথমার্ধে। আমাদের তৃতীয় গোলটি করার সুযোগ ছিল, এবং শেষ পর্যন্ত আমরা সেই গোলটি হজম করলাম।’

দ্বিতীয়ার্ধে গাভির শট লংলের গায়ে লেগে বাতাসে ভেসে ফেরান তোরেসের দিকে ছুটেছিল। দারুণ ভলিতে গোল করেন তিনি। তবে ভিএআরে তার গোল বাতিল হয় তিনি অফসাইডে থাকার কারণে। ওই গোল বাতিলের সিদ্ধান্ত কি ম্যাচের ফল নির্ধারণ করেছিল? এমন প্রশ্নে ফ্লিকের জবাব, ‘আমরা একজন কম নিয়েও দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি। আমি এর জন্য সত্যিই কৃতজ্ঞ। আমরা খুব একটা ভাগ্যবান ছিলাম না। পরিস্থিতি এমনই ছিল এবং আমাদের তা মেনে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, ফুটবল এমনই। আমাদের আরও ভালো করতে হবে, কিন্তু মানসিকতা ও মনোভাবের দিক থেকে দল তাদের সর্বস্ব দিয়েছে। তারা দুর্দান্ত কাজ করেছে, কিন্তু আমরা সফল হতে পারিনি।’

বিজ্ঞাপন

বার্সা সেমিফাইনালে ওঠার মতো যোগ্য দল ছিল বললেন জার্মান কোচ, ‘আমার মনে হয়, সেমিফাইনালে আমাদের থাকা উচিত ছিল। কিন্তু আমাদের ফলাফলটা মেনে নিতে হবে। আমরা দারুণ খেলেছি এবং আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমাদের ফলাফলটা মেনে নিতেই হবে।’

বার্সার পরবর্তী লক্ষ্য লিগ জেতা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা ঝরেছে তার কণ্ঠে, ‘পরবর্তী লক্ষ্য হলো লিগ জেতা, আমরা সেই পথেই আছি। এখনো সব শেষ হয়ে যায়নি। আমাদের একসাথে খেলতে হবে, সঠিক মানসিকতা রাখতে হবে, দল হিসেবে খেলতে হবে। সবাই হতাশ, এবং সমর্থকেরাও নিশ্চয়ই হতাশ। সবাই হতাশ কারণ চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা একটা স্বপ্ন। আমরা একটি তরুণ দল, উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা আগামী মৌসুমে তা করব। এখন, লিগ নিয়ে ভাবছি।’

রেফারিং নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন ফ্লিক, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না, কারণ আমরা এটা পরিবর্তন করতে পারব না। আমরা ওই জিনিসগুলো বদলাতে পারি না। আমাদের এটা মেনে নিতে হবে। আমি এ বিষয়ে কথা বললে তোমার জন্য ভালো হবে, কিন্তু আমি বলতে চাই না।’

বিজ্ঞাপন

বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়াংও মনে করছেন, ভাগ্য তাদের পক্ষে ছিল না, ‘আমরা খুব ভালো খেলেছি। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। আমার মনে হচ্ছে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আমি মনে করি আমরা উন্নতি করছি এবং আমাদের একটি তরুণ ও প্রতিভাবান দল আছে যারা সবকিছুর জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা এভাবেই এগিয়ে যেতে থাকব।’

এফএইচএম/