এক চার্জে গেমিং চলবে ১৩ ঘণ্টার বেশি

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ভিভো ওয়াই৩১ডি নামে ফোনটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। শক্তিশালী ব্যাটারি, দ্রুত পারফরম্যান্স এবং দীর্ঘ সময় গেমিং সুবিধা দেওয়ার লক্ষ্যেই ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। ভিভোর দাবি, তাদের এ পর্যন্ত বাজারে আনা স্মার্টফোনগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যাটারি। উন্নত বিদ্যুৎ ব্যবস্থাপনার কারণে একবার চার্জ দিলে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
কোম্পানির তথ্যমতে, একবার পূর্ণ চার্জে টানা প্রায় ১৩ দশমিক ২ ঘণ্টা পর্যন্ত গেম খেলা সম্ভব। তাই দীর্ঘ সময় গেমিং বা ভিডিও দেখার সময় চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা কমবে।
ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে। ফলে প্রয়োজনে এই ফোন দিয়ে অন্য ডিভাইস, যেমন গেমিং হেডসেট বা অন্য স্মার্টফোনেও চার্জ দেওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 2 প্রসেসর। এই প্রসেসর গেমিং, ভিডিও স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের মতো কাজে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিসপ্লেতে রয়েছে ৬ দশমিক ৭৫ ইঞ্চির স্ক্রিন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও গেমিংয়ের সময় ভিজ্যুয়াল আরও মসৃণ দেখা যাবে। ফোনটিতে ‘গেম বুস্ট মোড’ সুবিধাও রয়েছে, যা ডিভাইসের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে দীর্ঘ সময় গেমিং পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে।
এ ছাড়া এতে উন্নত কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে। ফলে দীর্ঘ সময় গেম খেললেও ফোন অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি কমবে। ডিভাইসটিতে আরও রয়েছে ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন। এর মাধ্যমে দীর্ঘদিন ব্যবহারের পরও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে বলে জানিয়েছে ভিভো।
ফোনটি বাংলাদেশের ভিভোর অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম ২৬ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।
৫ মার্চ থেকে দেশে ফোনটির বিক্রি শুরু হয়েছে। প্রথম বিক্রির সময় ক্রেতারা এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন (শর্ত প্রযোজ্য)। পাশাপাশি গ্রাহকদের জন্য বিশেষ ইন্টারনেট বান্ডেল অফারও থাকছে বলে জানিয়েছে কোম্পানিটি।