জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি পরিদর্শন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
সোমবার (২৭ জানুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ লাইব্রেরি পরিদর্শন করা হয়।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন। লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানান। তারই পরিপ্রেক্ষিতে লাইব্রেরির শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শাখা ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন লাইব্রেরিতে কয়েকটি পত্রিকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকসেলফ, ব্যাগ রাখার জন্য আরও তাক বসিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। আগামীকাল মঙ্গলবার থেকেই পত্রিকা কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া হবে বলে জানানো হয়।
এসময় শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানান। তারা বলেন, লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ। এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি-দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং প্রতিদিন রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখার দাবি জানান শিক্ষার্থীরা।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের ছাত্রদলের পক্ষে যেটা করা সম্ভব শিক্ষার্থীদের জন্য আমরা সেটি করব। ছাত্রদল সবসময় সবার পাশে আছে। লাইব্রেরিটিতে বর্তমানে আসন সংকট, বইয়ের অপ্রতুলতা ইত্যাদি সমস্যাগুলো প্রকট। আমরা প্রশাসনের কাছে এসব সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানাবো। খুব শিগগিরই আমরা প্রশাসন বরাবর লিখিত আকারে দাবিগুলো তুলে ধরব।
অপরদিকে, ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ ভালো করতে হলে লাইব্রেরির বিভিন্ন সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ সমস্যাগুলো তুলে ধরব। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধান হবে।
এমএল/এমএ
