রমজান উপলক্ষ্যে ৩৮ দিনের ছুটিতে ইবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বেশ কিছু জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব মিলিয়ে টানা ৩৮ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত।
দীর্ঘ এই ছুটির পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এই টানা ছুটি দেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খুলবে। ওইদিন বেলা ১১টার মধ্যে প্রতিটি বিভাগ ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির প্রতিবেদন রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ১৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে অফিস বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) যথারীতি চালু থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, "সব বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেই ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বিভাগ চাইলে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের নীলচিহ্নিত দিনগুলোতে পরীক্ষা নিতে পারবে এবং অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। তবে সশরীরে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।"
মাওয়াজুর রহমান/বিআরইউ