‘বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের অংশ, এর মর্যাদা রক্ষা সবার দায়িত্ব’

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের অংশ। এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। এই ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও এর সঠিক চর্চা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, উপ-পরিচালক মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দিবসটি পালনের অংশ হিসেবে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
আরএইচটি/এসএম