একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ‘অমর ২১’ বুকমার্ক বিতরণ জুমার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে ‘অমর ২১’ শীর্ষক বুকমার্ক বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত শিশুদের হাতে ভাষা আন্দোলনভিত্তিক নকশা ও সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত বিশেষ বুকমার্ক তুলে দেওয়া হয়।
বুকমার্কটির এক পাশে শহীদ মিনার ও ২১ ফেব্রুয়ারির প্রতীকী নকশা এবং অপর পাশে সংক্ষিপ্ত আকারে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে, যাতে শিশুরা সহজেই একুশের চেতনা সম্পর্কে ধারণা পেতে পারে।
এ বিষয়ে ফাতিমা তাসনিম জুমা ঢাকা পোস্টকে বলেন, আমার নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল বিভিন্ন জাতীয় দিবসের তাৎপর্য শিশুদের কাছে পৌঁছে দেওয়া। সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। প্রথমে স্টিকার বা অন্য কিছু দেওয়ার চিন্তা ছিল। পরে মনে হলো বুকমার্ক দিলে তা পড়াশোনার সময়ও ব্যবহার করতে পারবে। এর পেছনে সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে এবং এক পাশে শহীদ মিনারের নকশা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই শিশুরা একুশের মহত্ত্ব অনুভব করুক এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারুক।
এসএআর/জেডএস