ঢাবিতে কবি সুফিয়া কামাল হলে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হল সংসদের উদ্যোগে এবং সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সহযোগিতায় ‘আমার ভাষায় আমার গল্প ও কুইজ প্রতিযোগিতা’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা অটুট রাখার অঙ্গীকার নিয়ে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের অসামান্য আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন।
আয়োজনের প্রথম পর্বে ছিল আঞ্চলিক ভাষায় গল্প বলা। যেখানে হলের বিভিন্ন অঞ্চল ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে আসা শিক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক ভাষায় একুশের স্মৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার ডালি সাজিয়ে বসেন। ভাষার বৈচিত্র্য থাকলেও সবার আবেগ মিশেছিল এক মোহনায়। এ পর্বে কার্যনির্বাহী সদস্য পপি রাণী ক্লিওপেট্রা তার নিজ অঞ্চলের ভাষায় গল্প পরিবেশন করেন।
পরবর্তী পর্বে ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তরের মাধ্যমে সেখানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, শহীদদের বীরত্বগাথা এবং একুশের তাৎপর্য ফুটে ওঠে। এই পর্বটি পরিচালনা করেন হল সংসদের সহ-সাধারণ সম্পাদক শিমু আক্তার।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল সংসদের সাধারণ সম্পাদক মোছা. রুকু খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফারিহা নওশীন। তিনি বলেন, ‘মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি।’
সমাপনী বক্তব্যে হল সংসদের সহ-সভাপতি সানজানা আক্তার চৌধুরী রাত্র ভাষা শহীদদের আদর্শ ধারণ করে নিজ নিজ ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিআরইউ/বিআরইউ