বায়ান্নর ভাষা আন্দোলন জাতীয়তাবাদী চেতনার ভিত্তি রচনা করেছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদী চেতনার ভিত্তি রচনা করেছে। ভাষা শহিদদের আত্মত্যাগ শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামেরও অনুপ্রেরণা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাংলাই একমাত্র ভাষা যার জন্য মানুষ রক্ত দিয়েছে, তাই এই ভাষা ও এর আন্তর্জাতিক মর্যাদা প্রতিটি বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
এ সময় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা প্রমুখ।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শোক র্যালি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শেষ হয়।
রিপন শাহরিয়ার/আরএআর