সিমাগো র্যাংকিং : জাবি, চবি, জবিকে টপকে ষষ্ঠ অবস্থানে বেরোবি

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা জরিপে ২০২৬ সালের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬ষ্ঠ। এই তালিকায় বেরোবি পেছনে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেও।
র্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২২তম। ২০২৪ সালে বেরোবির অবস্থান ছিল ১৮তম এবং ২০২৩ সালে ছিল ১২তম।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসঙ্গে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন— এ তিনটি সূচকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ২য়, ৪৭তম ও ১৩তম। আর এ তিনটি বিষয় মিলে বেরোবির সার্বিক অবস্থান দেশে ৬ষ্ঠ। তবে ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে বেরোবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ১০ম, ১৪ তম ও ৪৪তম। এর অর্থ দাঁড়াচ্ছে, রিসার্চ ও উদ্ভাবন সূচকে গত বছর থেকে বেরোবি এ বছর এগিয়েছে।
সিমাগো র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো যথাক্রমে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং ষষ্ঠ অবস্থানে যৌথভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
রিপন শাহরিয়ার