জাবিতে শিবিরের ইফতারে দ্বিগুণ উপস্থিতি, খাবার পাননি হাজারো শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে আয়োজনের চেয়ে দ্বিগুণ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। প্রায় ৭ হাজার শিক্ষার্থীর উপস্থিতির কারণে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী খাবার না পেয়ে ফিরে গেছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইফতারের আগ পর্যন্ত দুই ঘণ্টা যাবৎ দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা অপেক্ষা করে খাবার না পেয়ে আশপাশের দোকান থেকে খাবার সংগ্রহ করে রোজা ভাঙতে।
বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আদনান সারওয়ার জানান, প্রায় ১ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খাবার না পেয়ে শুধু পানি খেয়ে রোজা ভেঙেছি। শিবিরের পক্ষ থেকে ব্যবস্থাপনা আরও ভালো আশা করেছিলাম। আমরা যেভাবে শিবিরকে চিনি। তাদের অন্যান্য প্রোগ্রামগুলোতে সেটা হয়েছে। কিন্তু এখানে প্রায় ২-৩ হাজারের বেশি শিক্ষার্থী খাবার পাননি। তাদের উচিত ছিলো অন্তত রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে খাবারের আয়োজন কত করা উচিত সেটি নির্ধারণ করা।
বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সায়মা জানান, মেয়েদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছিল ক্যাফেটেরিয়ার পেছনে। মেয়েদের লাইম সেখান থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত চলে গেছে। কিন্তু নির্ধারিত সময়ে ৫০-১০০ জন মেয়ে শুধু খাবার পেতে দেখা যায়। পরে আমি ও আমার বান্ধুবীরা সবাই হলে ফিরে আসি। শিবিরের পক্ষ থেকে এ ধরনের অব্যবস্থাপনা আমি আশা করিনি।
জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। কিন্তু নির্ধারিত খাবারের চেয়ে বেশি মানুষ উপস্থিত হওয়ায় আমরা হিমশিম খেয়েছি। ইফতারের সময় হয়ে যাওয়ায় আমরা সবাই মিলে খাবার ভাগাভাগি করে ইফতার করার চেষ্টা করেছি।
আরএআর