ছাত্রীদের জন্য পুনরায় ইফতারের আয়োজন জাবি শিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীদের ইফতার মাহফিলে ধারণাতীত উপস্থিতির ফলে খাবার সংকটের পর এবার নারী শিক্ষার্থীদের সম্মানে বিশেষ ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।
আগামী শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ‘নারী শিক্ষার্থীদের খেলার মাঠে’ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। গত আয়োজনে খাবার সংকটের বিষয়টি মাথায় রেখে এবার শুধু নারীদের জন্য আয়োজন করা হচ্ছে।
সম্মিলিত ইফতারে খাবার না পেয়ে ফিরে যাওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ ছিল নারী শিক্ষার্থী। তাদের এই কষ্ট লাঘব করতে আগামী শুক্রবার পৃথক এই আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ৪ মার্চ (বুধবার) আয়োজিত সম্মিলিত ইফতারে ব্যাপক শিক্ষার্থীর উপস্থিতির কারণে অনেক শিক্ষার্থী খাবার না পেয়ে ফিরে যান। ওই ঘটনার পর একটি বিবৃতিতে জাবি শাখা শিবির জানায়, বিগত বছরের অভিজ্ঞতার আলোকে তারা তিন হাজারের বেশি শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করেছিলেন। কিন্তু উপস্থিতির সংখ্যা আয়োজনের প্রায় দ্বিগুণ হওয়ায় শেষ মুহূর্তে খাবার সংকট দেখা দেয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশৃঙ্খলা এড়াতে এবার রেজিস্ট্রেশনের ভিত্তিতেই খাবারের ব্যবস্থা করা হবে যাতে গতবারের মতো খাবার সংকট না হয়।
জাবি শাখা শিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, গত আয়োজনে শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া আমাদের অভিভূত করলেও খাবারের সংকটে আমরা ব্যথিত। বিশেষ করে আমাদের বোনদের অনেকেই খাবার পাননি। তাই তাদের জন্য সম্মানজনক ও সুশৃঙ্খল পরিবেশে এই আলাদা আয়োজন। আমরা চাই না এবার কেউ ইফতার না পেয়ে ফিরে যাক, সেজন্যই রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
আরকে