বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ-ইফতার মাহফিলে পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টরের মাইক্রোবাস ও মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল ৩টা থেকে ইফতার কার্যক্রমের জন্য গাড়ি ব্যবহার করতে দেখা যায় তাদের। তবে এ বিষয়ে অবগত নন কর্তৃপক্ষের কেউই।
এ বিষয়ে জানতে চাইলে বেরোবি প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, এভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। আমি অফিসে আছি আর আমি অনুমতি দেইনি, বিষয়টি দেখছি।
বেরোবি পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, অ্যাম্বুলেন্স পরিবহন দপ্তরের অধীনে না। এটি মেডিকেল সেন্টারের অধীনে। অ্যাম্বুলেন্স আমরা দেখি না। আপনি ডা. শাহরিয়ার এর কাছে জানতে পারেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অফিস প্রধান ডা. এ এমএম শাহরিয়ার বলেন, আমি তো জানি না, এ বিষয়ে আমি অবগত নই। আমাকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, আমি জানি না ছোট ভাইয়েরা জানেন। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।
রিপন শাহরিয়ার/এসএইচএ