ঢাবির মুজিব হলে শিক্ষার্থীদের মাঝে ঈদ শুভেচ্ছা কার্ড ও টুপি-আতর বিতরণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংসদ (প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল)। হলের শিক্ষার্থীদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ ‘ঈদ তোহফা’।
বুধবার (১১ মার্চ) রাতে হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এই শুভেচ্ছা কার্ড, টুপি ও আতর বিতরণ করা হয়।
হল সংসদ সূত্রে জানা গেছে, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল ফিতরকে বরণ করে নিতেই এই আয়োজন। রাতে হল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন সংসদের প্রতিনিধিরা।
এ বিষয়ে হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে উপস্থিত পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র উপলক্ষ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল সংসদের পক্ষ থেকে হলের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।’
হলের জিএস আহমেদ আল সাবাহ জানান, ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, ‘ঈদ শুভেচ্ছা কার্ডের সঙ্গে ঈদের তোহফা হিসেবে একটি করে টুপি ও আতর প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পবিত্র উৎসবের চেতনা শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করবে।’
এসএআর/বিআরইউ