পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে একক মাইম প্রদর্শন করেছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান। ইউরোপের মঞ্চে ডুমার ব্যানারে এটি প্রথম একক মূকাভিনয় পরিবেশনা।
বিজ্ঞাপন
গত ২৬ মার্চ বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রিদওয়ান। দিবসের প্রথম পর্বে দূতাবাস প্রাঙ্গণে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে ওয়ারশের ঐতিহ্যবাহী প্যালেস অব কালচারাল অ্যান্ড সায়েন্স-এ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট ভ্লাদিস্লাভ বারতোশেভস্কি। অনুষ্ঠানে পোল্যান্ড সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে উবাইদুল্লাহ রিদওয়ান দুটি ভিন্নধর্মী একক মাইম পরিবেশন করেন। এর একটি ছিল তার রচিত ও নির্দেশিত মুক্তিযুদ্ধভিত্তিক স্কেচ ‘মুক্তির জয়গান’। অন্যটি মীর লোকমানের রচিত এবং আবু সাদাত মো. সায়েমের নির্দেশনায় কমেডি স্কেচ ‘সেলফিম্যানিয়া’।
বিজ্ঞাপন
সংলাপবিহীন অভিনয়ের মধ্য দিয়ে রিদওয়ান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সমসাময়িক সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরেন। আয়োজকদের দাবি, তার পরিবেশনা দেশি-বিদেশি অতিথিদের প্রশংসা কুড়ায়।
এই একক মাইম প্রদর্শনী আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। একইসঙ্গে এটি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন বলছেন সংগঠনের সদস্যরা।
এসএআর/জেডএস
