বিজ্ঞাপন

ঢাবি রোভার স্কাউটের হীরকজয়ন্তীতে দুই দিনব্যাপী কর্মসূচি

অ+
অ-
ঢাবি রোভার স্কাউটের হীরকজয়ন্তীতে দুই দিনব্যাপী কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের গৌরবোজ্জ্বল পথচলার ৬০ বছর পূর্ণ হচ্ছে। এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে ২ ও ৩ এপ্রিল দুই দিনব্যাপী হীরকজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে সাবেক ও বর্তমান রোভারদের এই মিলনমেলা বসেছে।

বিজ্ঞাপন

উৎসবের প্রথম দিন (২ এপ্রিল) বর্তমান রোভারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডে-ক্যাম্প’। পরদিন ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ফান অ্যান্ড গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন– বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন রোভার স্কাউট ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ তাঁর বার্তায় জানান, এই আয়োজন সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমান রোভারদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্কাউটিং কার্যক্রমে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সেবার আদর্শে গড়ে তুলছে এবং জাতীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞাপন

এসএআর/বিআরইউ