ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কর্মরত কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এক ব্যতিক্রমী ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুরে হলের ক্যান্টিনে হল সংসদের উদ্যোগে এই ফলচক্রের আয়োজন করা হয়।
বিজয় একাত্তর হল সংসদের পক্ষ থেকে জানানো হয়, হলের নিরাপত্তা প্রহরী, স্বাস্থ্যসেবক, ক্যান্টিন, সেলুন ও ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন সেবাখাতে নিয়োজিত কর্মচারীদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে মৌসুমি ফল হিসেবে মূলত তরমুজ দিয়ে আপ্যায়ন করা হয় কর্মীদের।

আয়োজন প্রসঙ্গে বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ বলেন, “হলের শিক্ষার্থীদের বিভিন্ন সার্ভিস দেওয়া সব স্টাফদের নিয়ে আমরা এই মৌসুমি ফল তরমুজের ফলচক্রের আয়োজন করি। আমাদের মূল যে ফিলোসফিটা ছিল, তারা যেন আমাদের সঙ্গে কানেক্টেড ফিল করেন এবং একটি পরিবারের অংশ হিসেবে নিজেদের ভাবতে পারেন।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বিজয় ৭১ হল পরিবারের তারা একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে আমাদের এবং তাদের মাঝে সেই অনুভূতিটা তৈরি করা এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করাই আমাদের লক্ষ্য। এর ফলে সেবাদানের ক্ষেত্রে তারা যাতে আরও বেশি গুণগত সেবা প্রদান করেন এবং আমরাও যাতে তাদের প্রতি আন্তরিক হই, সে বিষয়টি উৎসাহিত করার জন্যই এই আয়োজন।”
এসএআর/বিআরইউ
