বিজ্ঞাপন

বিদেশে ভর্তি বাতিলের ব্যঙ্গাত্মক প্রতিবাদ

ঢাবিতে প্রতীকী ‘ইমেইল ও কল রিসিভ’ প্রশিক্ষণ

অ+
অ-
ঢাবিতে প্রতীকী ‘ইমেইল ও কল রিসিভ’ প্রশিক্ষণ

সম্প্রতি প্রশাসনিক জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারানোর ঘটনায় ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রতিবাদস্বরূপ ‘মেইল ভেরিফিকেশন ও কল রিসিভ’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী প্রতীকী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব-চেতন শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আয়োজকদের একজন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া বলেন, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্যতম বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সনদপত্র যাচাইকরণ প্রক্রিয়া। তিনি জানান, সম্প্রতি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাসময়ে সাড়া না পাওয়ার কারণে দুইজন শিক্ষার্থীর বিদেশে ভর্তি বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থী বিদেশে গেলে তার পথকে সহজ করা উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কখনো ফি সংক্রান্ত জটিলতা, আবার কখনো ই-মেইলের জবাব না দেওয়ার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

অর্ক বড়ুয়ার বলেন, এই ধরনের ঘটনার ফলে শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, এটি জাতীয় পর্যায়েও এক ধরনের দুর্ভাগ্য ডেকে আনে।

একই বিভাগের আরেক শিক্ষার্থী হাসিবুল আলম তাহিন বলেন, রেজিস্ট্রার ভবনের প্রচলিত কার্যপ্রণালি শিক্ষার্থীদের জন্য সমস্যাজনক হয়ে উঠছে। ই-মেইল ভেরিফিকেশনের অভাবে একজন শিক্ষার্থীর বিদেশে ভর্তি বাতিল হওয়ার ঘটনার পর আমরা এই ‘সারকাস্টিক’ প্রতিবাদের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, প্রতীকীভাবে আমরা দেখাতে চেয়েছি কীভাবে ই-মেইল যাচাই করতে হয় এবং কীভাবে কল রিসিভ করতে হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, প্রশাসনিক কার্যক্রমে গতি ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতেও এ ধরনের ভোগান্তি অব্যাহত থাকবে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এসএআর/জেডএস