গণভোট নিয়ে প্রশ্নকারীরা পলাতক শক্তি, জনগণই জবাব দেবে : আদিলুর রহমান

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক ও পরাজিত শক্তি—এমন মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, ষড়যন্ত্র করতে পারে। তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়। তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষ নিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েই জনগণ তাদের অবস্থান স্পষ্ট করবে।
তিনি বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের সরকার। সংগ্রামী ছাত্র-জনতার অংশগ্রহণেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নেও সরকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই এগোবে।
গণভোট সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ তারিখে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিশ্চিত হবে। এরপর স্থানীয় পর্যায় থেকে পছন্দমতো প্রার্থী নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবে।
বাংলাদেশের জনগণকে সচেতন ও বুদ্ধিমান উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই জাতি আগেও ইতিহাস রচনা করেছে। নির্বাচনী প্রচারণার আর মাত্র দুই দিন বাকি। এরপর সারা দেশে গণভোট, জুলাই সনদ এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়াবে।
ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, অন্যরাও এখন পলাতক অবস্থায় রয়েছে। কিশোরগঞ্জসহ সারা দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ জুলাই যোদ্ধা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। পাশাপাশি এনজিও প্রতিনিধিদের ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা এবং জেলার বিভিন্ন উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে