আজ চুয়াডাঙ্গায় যাচ্ছেন জামায়াতের আমির, চলছে প্রস্তুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ সোমবার (২৫ জানুয়ারি) আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে ও ১০ দলীয় ঐক্যের সমর্থনে বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে অনুষ্ঠিত হবে এক বিশাল নির্বাচনী জনসভা। যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এই জনসভাকে ঘিরে জেলার রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। ইতোমধ্যেই সভাস্থলে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিয়মিত মঞ্চ এলাকা পরিদর্শন করে প্রস্তুতির সার্বিক অগ্রগতি তদারকি করছেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
এছাড়া বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের (আলমডাঙ্গা ও সদর উপজেলার আংশিক) সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট কর আইনজীবী মো. রুহুল আমিন।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, এই জনসভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন। নির্বাচনী মাঠে দলীয় অবস্থান শক্তিশালী করতে এই জনসভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নেতারা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই জনসভা চুয়াডাঙ্গার রাজনৈতিক মাঠে নতুন গতি সঞ্চার করবে।
আফজালুল হক/আরকে