তারেক রহমানের জনসভায় জনস্রোতের আভাস, আগেভাগেই দুঃখ প্রকাশ বিএনপির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দশক পর আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন। তার এই আগমনে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর) নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে। এতে চলাচলের ক্ষেত্রে নগরবাসীর সাময়িক অসুবিধা হতে পারে, এমন আশঙ্কায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম এ দুঃখপ্রকাশ করেন।
দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে জনসভার সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অবস্থান এবং প্রত্যাশিত জনসমাগম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এবং ব্যাপক লোকসমাগমের আশা প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরীর সার্কিট হাউজ মাঠের জনসভার জন্য জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি প্রস্তুতি শেষ পর্যায়ে। পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ। ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে শুভেচ্ছা সম্বলিত প্যানা ও ফেস্টুন।
তারা জানান, তারেক রহমানের জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের দলীয় প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু। এ সময় মঞ্চে উপস্থিত থাকবেন চার জেলার ২৪ জন দলীয় প্রার্থী।
সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, দীর্ঘ দুই দশক পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান। এ খবরটি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। ইতোমধ্যে এ জনসভা সফল করতে ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি, তারেক রহমানের এই জনসভা লোকসমাগমের দিক থেকে অতীতের সব রেকর্ড ভঙবে। এ জন্য নিরাপত্তা বিবেচনায় জেলা ও বিভাগীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করে সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্বাচনি এ জনসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী। এতে নগরবাসীর মধ্যে সাময়িক কষ্টের সৃষ্টি হতে পারে, এ কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং জনসভা সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও ময়মনসিংহ-৪ সদর আসনের দল মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দীর্ঘদিন পর নেতা আমাদের মাঝে আসছেন, এটা আমাদের জন্য গৌরবের, আমরা আনন্দে উদ্বেলিত। এতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই জনসভাকে সাফল্যমন্ডিত করতে আমাদের পূর্বঅভিজ্ঞতার আলোকে কাজ করছি।
সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ হান্নান খান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল আলম খসরু উপস্থিত ছিলেন।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে