সাতক্ষীরাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বাড়তি নজরদারি ও তৎপরতা শুরু করেছে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা, বরিশাল ও পিরোজপুর জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলাভেদে সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে সাতক্ষীরা ব্যাটালিয়ন ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে। আধুনিক নজরদারির অংশ হিসেবে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।
নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষের চলাচল নিরাপদ রাখা এবং আইন-কানুন ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করছে বিজিবি। এছাড়া এলাকায় সহিংসতা প্রতিরোধ, জনমনে আস্থাবৃদ্ধি এবং যে-কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কে-৯ ডগ স্কোয়াডসহ যৌথ তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ ঠেকাতে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশিও চলছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
ইব্রাহিম খলিল/এমজে