বাউফল থানার ওসি পরিপূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছেন : শফিকুল ইসলাম মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফল থানার ওসি পরিপূর্ণভাবে তার নিরপেক্ষতা হারিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ৬ ফেব্রুয়ারি ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন ঈদ উৎসবের মতো নির্বাচন আয়োজনের কথা বলেছেন এবং বারবার ব্যর্থহীন কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করছেন, প্রশাসনকে সতর্ক থেকে দায়িত্ব পালনের কথা বলছেন— প্রশাসনের সঙ্গে আমরা যখন বারবার মিটিং করি, তখন আমাদের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, গতকাল রাত সাড়ে ১০টা থেকে শুরু করে সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামীর এই উপজেলা কার্যালয়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, একপেশে ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে, দু-একজন সাংবাদিকের সংশ্লিষ্টতায়, ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে পুলিশের একটি টিম অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে অভিযান চালিয়েছে। এটা শুধু বাউফলবাসীর জন্য নয়, গোটা দেশের জন্য লজ্জার, ধিক্কারের এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এক রকম চিত্র লক্ষ্য করেছি গত ১৫ বছরে— প্রশাসনকে একটা দল চালাতো, দলকানা প্রশাসন দেশ চালাতো। তার ভুক্তভোগী আজ গোটা দেশ। সেই প্রেক্ষিতেই ২০২৪ সালে গণ-আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, এতগুলো জীবন দিতে হয়েছে।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, এমন একটি প্রেক্ষাপটের পর আজ যখন একটি আনন্দমুখর নির্বাচনের পরিবেশ বিরাজ করছে, সেই নির্বাচনের সমাবেশ আগামী ৬ তারিখ অনুষ্ঠিত হবে। অনেক ব্যস্ততার পরেও আমিরে জামায়াত আমাদের এই পটুয়াখালীতে আসবেন। স্বাভাবিকভাবেই সকলে মিলে আমরা সহযোগিতার আহ্বান করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাউফল থানার ওসি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে, তার নির্দেশে যখন ওই অভিযান পরিচালনা হয়, তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান করেছিলাম—গভীর রাতে বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করা যায় না। দিনের আলোতে আপনারা যা করতে চান, সমস্যা নেই; আমরা সবাই আইনের আওতায়। কিন্তু আমাদের সেই কথার প্রতিও তারা ন্যূনতম ভ্রুক্ষেপ করেননি।
তিনি বলেন, ওসি নিজের দায়িত্বে এই কাজটি করেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে দায়িত্ব তার কাঁধে রয়েছে, তিনি পরিপূর্ণভাবে তার নিরপেক্ষতা হারিয়েছেন।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম মাসুদ জানান, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাউফলে আগমন করবেন এবং স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
এ সময় তিনি পাবলিক মাঠে আয়োজিত জনসভায় বাউফলের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী ও বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোহাইব মাকসুদ নুরনবী/আরএআর