পদ্মায় নিখোঁজ যুবকের ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ধস্তাধস্তির একপর্যায়ে পদ্মা নদীতে পড়ে মো. রেজাউল শিকদার (৩৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল।
এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ রেজাউল গোয়ালন্দ উপজেলার বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে নিখোঁজ রেজাউল শিকদারের সঙ্গে ফেরির এক যাত্রীর কথা-কাটাকাটির একপর্যায়ে পন্টুনের ওপর ধস্তাধস্তি করে রেজাউলসহ ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন অপর যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান রেজাউল শিকদার। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ এসে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত ৭টা পর্যন্ত, ততোক্ষণে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় উদ্ধার অভিযান।
নিখোঁজ রেজাউল শিকদারের পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফেরিঘাট থেকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ নিখোঁজ রেজাউলের সন্ধান চান তারা।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের লিডার জয়নুল আবেদিন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চলমান রয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে