জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খানকে আল্টিমেটাম জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাইরিন ইসলাম খানের দেয়া বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাকসু নেতারা। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে এমন বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তারা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জাকসু নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি অধ্যাপক নাহরীন ইসলাম একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে 'জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে' বলে মন্তব্য করেছেন যা সুস্পষ্টভাবে ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অবতারণা করতে গিয়ে ব্যালটের মুড়িবই না থাকা, ব্যালটে নাম্বার না থাকা ও হাতে অমোচনীয় কালি না দেয়ার কথা উল্লেখ করেছেন সুষ্পষ্ট মিথ্যাচার ব্যতীত আর কিছু নয়।
নেতৃবৃন্দ আরো বলেন, নির্বাচনকালীন ৫ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত থাকলেও কোথাও নির্বাচনে জালিয়াতির একটি অভিযোগেরও সত্যতা পাওয়া যায়নি, বরং নির্বাচন চলাকালে একটি নিদিষ্ট সংগঠনকে জেতাতে তিনি যে অপতৎপরতা, জোরপূর্বক ভোট কেন্দ্রে প্রবেশ, অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছেন তা ইতোমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে এবং ক্যাম্পাসসহ পুরো দেশবাসীর কাছে তা স্পষ্ট হয়েছে। আমরা মনে করি, দীর্ঘ তিন দশকেরও বেশী সময় ধরে আকাঙ্ক্ষিত জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিন খানের এমন মিথ্যাচার গণতান্ত্রিকভাবে প্রতিনিধি নির্বাচনকারী শিক্ষার্থীদের মতামতকে অবমূল্যায়নের নামান্তর। কোনো তথ্য প্রমাণ ছাড়া নির্বাচন নিয়ে এমন মিথ্যাচার একজন শিক্ষকের কাছে অপ্রত্যাশিত।
বিজ্ঞপ্তিতে অধ্যাপক নাইরিন ইসলাম খানকে অবিলম্বে তার মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
সাকিব/এসএমডব্লিউ