বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পটুয়াখালী ৪ আসনের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হবে বলেও তিনি মনে করেন।
এ বিষয় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান। দুই নেতাকে সাধুবাদ জানাই এবং বিএনপির সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার অনুরোধ করছি। আমরা সবাই মিলেমিশে আমাদের প্রিয় জন্মভূমি সুন্দর করে গড়ে তুলব।
এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় এবিএম মোশাররফ হোসেনকে ৫শ নেতাকর্মী নিয়ে পূর্ণ সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।
এসএম আলমাস/এসএইচএ