নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল : মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দলটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারা অতীতেও স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিল এবং এখনও জনগণের কল্যাণ চায় না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের পক্ষে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের শুরুতে ওই দলটি বলেছিল, জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পরে দেখা গেছে তারা ঠিকই নির্বাচনে এসেছে। আবার দাবি আদায় না হলে নির্বাচন বর্জনের কথা বলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে। এসব কারণে দলটির অবস্থান ও বক্তব্যে বিশ্বাসযোগ্যতার সংকট রয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালে এই দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এ কথা দেশের মানুষ জানে। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশের নিরাপত্তা ও দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল হতে দেওয়া যাবে না। ১২ তারিখের নির্বাচনকে জনগণের বিজয়ের নির্বাচনে পরিণত করতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, তারেক রহমানের বিজয়।
বিএনপির ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যিনি স্বাধীনতার ঘোষণাকারী এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার শাসনামলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয় এবং দেশের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছিল।
তিনি দাবি করেন, দেশের মানুষের চাহিদা পূরণ ও একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে একমাত্র বিএনপিই সক্ষম। অন্যদিকে জামায়াতে ইসলামীর সে ধরনের কোনো অভিজ্ঞতা নেই এবং ভবিষ্যতেও তারা তা পারবে না।
মির্জা ফখরুল বলেন, দেশ ও জনগণকে রক্ষা করতে হলে স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
নুর হাসান/এসএইচএ