বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণফোরামের প্রার্থী

চাঁদপুর-২ (মতলব উত্তর -মতলব দক্ষিণ ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের ড. মো. জালাল উদ্দিনের প্রতি একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাফ হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া এলাকায় ড. মো. জালাল উদ্দিনের বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে গোলাফ হোসেন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।
তিনি জানান, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মতো চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে ধানের শীষের পক্ষে তারা কাজ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমঝোতার বিষয়ে তিনি বলেন, এই ঐকমত্যের ফলে চাঁদপুর-২ আসনে বিএনপি ও গণফোরামের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন ঘোষণার পর গোলাফ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন।
বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলব। এখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি। মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।
আনোয়ারুল হক/এসএইচএ