১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে বলা বিএনপি প্রার্থীকে সতর্ক ইসির

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া সেই বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে শোকজ নোটিশ পাওয়ার ২৫ দিনের মাথায় একই অভিযোগে তাকে এই সতর্কতা দেওয়া হলো।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই সতর্কবার্তার বিষয়টি জানানো হয়। যদিও রোববার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।
ইসির জারি করা চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫ অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদন ছাড়া কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। এসব বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ৬ ফেব্রুয়ারি রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সরওয়ার জামাল নিজাম ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান জানান। তার ওই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ার অভিযোগে একই প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছিল ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি।
এমআর/এমজে