হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা লাগাকে সঠিক মনে করি না

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা লাগাকে আমি সঠিক মনে করি না। একজন ব্যক্তির হত্যার বিচার যদি জাতি না করতে পেরে তৃতীয় পক্ষকে ডেকে আনতে হয়- এটা রাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পায়।
তিনি বলেন, আমি আশা করেছিলাম বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ওসমান হাদির হত্যাকাণ্ডের সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারবে। কিন্তু এখানে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে যদি হত্যাকাণ্ডের বিচার করার সক্ষমতা না থাকে- তাহলে এটা দেশের জন্য ভালো কোনো সংবাদ নয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিশির মনির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সময়ে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করাকে আমি সঠিক মনে করি না। সামনে যেহেতু জাতীয় নির্বাচন ফলে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার রাস্তা অপেন করে দেবে। তবে পুলিশ যেভাবে তাদের আক্রমণ করেছে সেটাও ঠিক হয়নি।
শিশির মনির বলেন, ওই দিনের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে ৫ আগস্টের পরে বাংলাদেশের পুলিশের শিক্ষা হয়নি। তারা বুদ্ধি প্রয়োগ করে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতো, কিন্তু পুলিশ তার বিপরীত করেছে।
তামিম রায়হান/আরএআর