ধানের শীষের এক সমর্থক আরেক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে (এলাকাটি ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের অধীনে) ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ধানের শীষ প্রতীকের সমর্থকরাই তাকে কুপিয়ে আহত করেছে। আহতের বাড়ি মিয়াকুন্ডু গ্রামে।
আহত ব্যক্তি ও তার স্বজনরা জানায়, ঝিনাইদহ-৪ আসনের অধীনস্ত বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিল ঠান্ডু মন্ডল। পথে দেখা হওয়া তারই ভাস্তে কাপ-পিরিচ প্রতীকের সমর্থক লিপ্তু খানের সঙ্গে হেঁটে আসছিল। মিয়াকুন্ডু গ্রামে পৌঁছাতেই ধানের শীষ প্রতীকের ১০/১৫ জন সমর্থক তাদের ওপর হামলা করে। সেসময় তারা ঠান্ডু মন্ডলকে কুপিয়ে আহত করে।
আহত ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। ওদের সঙ্গে আমাদের পূর্ব বিরোধ ছিল। মূলত ভোট চেয়ে কাপ-পিরিচের সমর্থকের সঙ্গে ফেরার সময় হামলা হয়েছে। পূর্বের বিরোধে নির্বাচনকে কাজে লাগিয়েছে।
ঝিনাইদহ সদর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোট চাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক না।
আব্দুল্লাহ আল মামুন/আরকে