শিবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং ৫৪টি অন্যান্য অস্ত্র জব্দ করে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করে।
তিনি আরও বলেন , নির্বচানকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যাতে বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
আশিক আলী/এসএইচএ