ভোটকেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ও দুদুকছড়ি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে সশস্ত্র গ্রুপ হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ি এজেন্টকে হুমকি দিয়ে বের করে দেওয়ার পর বাঙালি এজেন্ট দেওয়ার চেষ্টা করা হলে তাকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির কারণে ভয়ে কেউ মুখ খুলছেন না বলেও দাবি করেন তিনি।
ওয়াদুদ ভুঁইয়া আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে বোরকার ভেতরে করে বাইরে থেকে জাল ভোট দেওয়া ব্যালট আনার ঘটনাও ঘটছে।
এদিকে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে রিটার্নিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, খাগড়াছড়ি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে খাগড়াছড়ি সদরের ভোট কেন্দ্রগুলোতে তেমন ভোটারের উপস্থিতি দেখা যায়নি। দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে ভোটার আসছে। তেমন লাইন না থাকায় সাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন ভোটাররা। এছাড়া মাটিরাঙ্গা, দীঘিনালা, রামগড় উপজেলার বেশ কিছু কেন্দ্রে লম্বা সারির ভোটারের উপস্থিতি দেখা গেছে।
খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি, জামায়াত ও দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার ৯টি উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
মোহাম্মদ শাহজাহান/আরকে