বগুড়ার ৩ আসনে বিএনপির জয়

বগুড়ার তিনটি আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। সব কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এর মধ্যে বগুড়া-২ আসনে জয়লাভ করেছেন মীর শাহে আলম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ মোশাররফ হোসেন এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জয় পেয়েছেন মোরশেদ মিল্টন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম ৫২ হাজার ৭০৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি মোট ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪৩৩ ভোট। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১১৪টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৩৪০ জন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি মোট ১ লাখ ৫৪ হাজার ৬১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৫ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১১৪টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৯৩ জন।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে মোরশেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলী হারিকেন প্রতীকে পেয়েছেন ৫২৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন এবং কেন্দ্র সংখ্যা ১৭৪টি।
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন।
আব্দুল মোমিন/আরএআর