ঢাকা-১ : বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক বিজয়ী

ঢাকা-১ আসনের ১৮৫টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ভোটের ফল বিশ্লেষণে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক। মোট ৫ লাখ ৪৫ হাজার ১৪০ ভোটার সংবলিত এ আসনে আশফাক পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৯২ ভোটে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও বেসরকারি ফলাফলে এমন চিত্র দেখা যায়।
ফলাফল অনুযায়ী, অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৫৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিম হুদা পেয়েছেন ৪ হাজার ৮২৪ ভোট। জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লা পেয়েছেন ১ হাজার ৩৪৫ ভোট এবং বাংলাদেশ লেবার পার্টির শেখ মো. আলী পেয়েছেন ২৬৮ ভোট।
সবকটি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণা ও গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনের ঘোষণার অপেক্ষা রয়েছে।
টিআই/এমএন