বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বিএনপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিজয়ী প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জুম্মার সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডের মসজিদে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। এছাড়াও এদিন স্থানীয় মন্দির ও গির্জায় প্রার্থনার অয়োজন করেন সংশ্লিষ্টরা।
দোয়া মাহফিল শেষে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিজয় আল্লাহর দান। ময়মনসিংহ সদর আসনের যারা এই বিজয়ের নেপথ্যে পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আগামী দিনে অবহেলিত ময়মনসিংহ সদরের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। পাশাপাশি আমার নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি অঙ্গিকারবদ্ধ, ইনশাল্লাহ।
মো. আমান উল্লাহ আকন্দ/ডিএ