মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার মস্তফাপুর এলাকার লোহার ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদারের সাথে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কালকিনি যাচ্ছিলেন হাবিব শেখ (৫০) ও আলামিন (২৮)। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার মস্তফাপুর এলাকার লোহার ডাঙ্গা নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুত গতির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন এবং আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ঘটনার পরই স্থান ত্যাগ করে চলে গেছে মাইক্রোবাসটি।
নিহত হাবিব সদর উপজেলার ঘটমাঝি এলাকার খালেক শেখের ছেলে এবং আহত আলামিন মস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি এলাকার সালাম মোল্লার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ। তিনি বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহাদুজ্জামান/এসএইচএ