সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরেও অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হবে রোজা। তাদের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও অর্ধশতাধিক গ্রামে সোমবার থেকে রোজা শুরু হবে। আজ রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ চৌধুরী।
জানা গেছে, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা.)। তার অনুসারীরা প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। সেই থেকে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা রাখেন।
তাদের অনুসারীদের দাবি, সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক (রা.) ১৯২৮ সাল থেকে বিশ্বের যেকোনো দেশে সর্ব প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতি বছর ঈদ ও রোজা পালন করে আসছে। এছাড়াও শবে বরাত, শবে কদর এবং শবে মেরাজসহ ধর্মীয় অনুষ্ঠান এভাবেই পালন করেন। ইমান আবু হানিফা (রা.)-এর মতে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ উঠার ভিন্নতার কারণ গ্রহণযোগ্য নয়। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আরবি তারিখ শুরু হয়ে যায়। তার মানে সময়ের পার্থক্যের কারণে ঈদ, রোজা যেই সময়ে বাংলাদেশে করে থাকে সেই হিসেবে ঈদ ও রোজা কাজা হয়ে যায়। এজন্য সারা বিশ্বে একই সময়ে ঈদ, রোজা পালন করা উচিত। কারণ ঈদের দিন রোজা রাখা হারাম।
স্থানীয়রা জানান, জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইল গ্রাম, ফরিদগঞ্জ উপজেলার সুরঙ্গচাউল, কাইতাড়া, উভারামপুর, টোরামুন্সিরহাট, মতলব উত্তর উপজেলার পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দিসহ অর্ধশতাধিক গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছেন।
মতলব উত্তরের দেওয়ানকান্দি গ্রামের বোরহান উদ্দিন ডালিম বলেন, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরিফের অনুসারী। প্রতি বছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছি। এবারও দেশটির সঙ্গে মিল রেখে রোজা রাখব।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন,আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। আমরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি। তারাবির নামাজ আদায় করা হচ্ছে। ভোররাতে সাহরি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখব।
আনোয়ারুল হক/এসএইচএ