কক্সবাজারে ট্রাক ধাওয়া করে মিলল কোটির টাকারও বেশি ইয়াবা

কক্সবাজারের রামু থেকে নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ হারুন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
আটক মোহাম্মদ হারুন (২৯), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “কিছু মাদক কারবারি একটি নম্বরবিহীন মিনি ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা হতে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করছে বলে পুলিশ সংবাদ পায়। পরে রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়।”
তিনি বলেন, “মিনি ট্রাকটি বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। একপর্যায়ে রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৌড়ে পালানোর সময় একজনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।”
এ সময় বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়, প্রতিটি প্যাকেটে ১০ দশ হাজার করে কোটি টাকারও বেশি মূল্যের ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অলক বিশ্বাস।
ইফতিয়াজ নুর/এমটিআই