পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির

রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাতের চিরাচরিত সংস্কৃতি ভেঙে এক বিরল সৌজন্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদী-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার বাড়িতে ফুল হাতে হাজির হয়ে তিনি এই সৌহার্দ্যের উদাহরণ সৃষ্টি করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফুল বিনিময়ের পর একে অপরকে বুকে জড়িয়ে ধরেন দুজন। নির্বাচনী মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফলাফল ঘোষণার পর এই সাক্ষাৎ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামির প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, খোকন ভাই আমার বাসায় এসেছেন, এটি জেলার রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। তিনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

এ সময় তিনি ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। আমরা প্রতিবেশী হিসেবে বছরের পর বছর একসঙ্গে বসবাস করছি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নরসিংদীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।
তিনি আরও বলেন, বিগত সময়ে স্বৈরাচারী সরকার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি করেছে, তার পরিবর্তে আমরা গণতান্ত্রিক গুণগত পরিবর্তন আনতে চাই।
আমিনুর রহমান সাদী/এএমকে