শেরপুরে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ

শেরপুরের নকলা উপজেলায় দুই ট্রাক ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। ট্রাক দুটিতে মোট ৯৮০ বস্তায় প্রায় ৪৯ টন ইউরিয়া সার ছিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর বাজারের পৃথক দুটি স্থানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সারগুলো জব্দ করা হয়।
কৃষি বিভাগ জানায়, নকলা উপজেলার ‘সৃজন এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স খন্দকার শহীদুল ইসলাম’ নামে দুটি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাক দুটি থেকে মোট ৯৮০ বস্তা সার জব্দ করা হয়।
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সারভর্তি ট্রাক দুটি শেরপুরের ঝিনাইগাতী বাফার জোন পয়েন্টে নামানোর কথা ছিল। তবে ঝিনাইগাতী বাফার জোনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগসাজশে সারগুলো নকলা ডিলার পয়েন্টে স্থানান্তরের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রাক দুটি নকলা থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, যানজট এড়াতে ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা লিখিত কোনো জব্দ আদেশ পাইনি। তবে কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও জানান, নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে দিয়েছেন। আগামীকাল সকালে ঢাকা থেকে একটি তদন্ত টিম আসবে। তাদের তদন্তের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাতে সারগুলো থানা হেফাজতে দিয়েছে।
এ ঘটনায় ঝিনাইগাতী বাফার ইনচার্জ কর্মকর্তা আদিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে রাতে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে অভিযুক্ত ডিলারদের দাবি, তারা ডিও (ডেলিভারি অর্ডার) অনুযায়ী বৈধভাবে সার কিনেছেন এবং নিয়ম মেনেই তা নামানো হচ্ছিল।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। তদন্ত টিমের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাইমুর রহমান তালুকদার/এসএইচএ