অস্তিত্বসংকটে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস

ঐতিহ্যবাহী তিতাস নদী আজ দখল ও দূষণের চাপে অস্তিত্বসংকটে। নদীটিকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা শহরের শিমরাইলকান্দি মসজিদের ঘাট থেকে মেড্ডা শশ্মানঘাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা স্টিলের নৌকায় পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), জেলা পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নদীর দুই পাড়ে অবৈধ দখল, বাসাবাড়ি ও বাজারের ময়লা-আবর্জনা ফেলে নদী ভরাট, এমনকি বালু ও মাটি ফেলে পূর্বপাড় দখলের চিত্র প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, যেভাবে মানুষ ময়লা-আবর্জনা ফেলেছে, বাজারের আবর্জনার স্তুপ তৈরি হয়েছে এবং বালু-মাটি দিয়ে নদী দখলের চেষ্টা চলছে—তা অত্যন্ত দুঃখজনক। এসব বন্ধে আমাদের অনেক কাজ করতে হবে। সিএস নকশা অনুসারে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। নদীর দুই পাড়ে প্রচুর স্থাপনা দেখেছি, যার শতকরা ৯০ ভাগই নদীর জায়গায় অবৈধভাবে নির্মিত।
তিনি আরও বলেন, রাজধানীর বুড়িগঙ্গা নদী-এর আদলে তিতাস নদীতেও প্রকল্প গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নৌপথে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য কর্মকর্তারা বলেন, নদীর দখল ও দূষণের চিত্র অত্যন্ত হতাশাজনক। একসময়কার প্রাণবন্ত এই নদী আজ প্রায় মৃতপ্রায়। সিএস নকশা অনুযায়ী সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, বিআইডব্লিউটিএর আশুগঞ্জ-ভৈরব বাজার নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ প্রমুখ।
জুয়েল রহমান/এসএইচএ