‘জানি না জান্নাতে যাব, নাকি জাহান্নামে’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে থেকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মন্ডলের মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পাখি দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহারে। বাবার নাম ইদ্রিস আলী।
আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডিতে আবেগঘন কিছু পোস্ট দেন। মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন- আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।
মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে তিনি লিখেন, বিদায় এই সুন্দর পৃথিবী। এছাড়াও মৃত্যুর আগমুহূর্তে সেই কথিত প্রেমিকের উদ্দেশ্যে লেখেন "আই লাভ ইউ" ও আই মিস ইউ লিখে পোস্ট করেন এবং ফেসবুক লাইভে থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মেয়েটির সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমালিন্যের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার আগে ফেসবুকে লাইভে ছিল, পাশাপাশি নিজের আইডিতে আত্মহত্যার কথা উল্লেখ করে একাধিক পোস্ট দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শাহিনুল আশিক/এমএএস