কক্সবাজারের ৫ম পৌরসভা হতে যাচ্ছে পেকুয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গঠন করা হচ্ছে কক্সবাজার জেলার ৫ম পৌরসভা পেকুয়া। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জোর তৎপরতা শুরু করেছে পেকুয়া উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা সদর ও সংলগ্ন এলাকায় প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য প্রশাসনিক এলাকা নির্ধারণের লক্ষ্যে সীমানা যাচাইয়ে সমীক্ষা করা হয়।
জেলা প্রশাসকের এক আদেশে এই কার্যক্রম পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। তিনি ঢাকা পোস্টকে বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডিউ অনুযায়ী পেকুয়া পৌরসভা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানাসহ কিছু প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কর্মতৎপরতা শুরু করেছি।
ইউএনও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে পৌরসভার কাজ শুরু হবে, আশা রাখছি আগামীকাল অথবা দ্রুত সময়ের মধ্যে চাহিদা মোতাবেক বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সমীক্ষাকালে সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে পেকুয়া উপজেলা বাস্তবায়নে ভূমিকা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ৪র্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনি প্রচারে তিনি পেকুয়াকে পৌরসভা করার ঘোষণা দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে পৌরসভা রুপান্তরের কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইফতিয়াজ নুর নিশান/আরকে