৬৩ শিক্ষার্থীর মধ্যে ৫৬ জনের বৃত্তি লাভ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) অভাবনীয় সাফল্য অর্জন করেছে যশোরের আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫৬ জন বৃত্তি লাভ করেছে।
যার মধ্যে ২৯ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাকি ২৭ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে। সব মিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৮৯ শতাংশ। যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু পড়াশোনাই নয় সহশিক্ষা কার্যক্রমও এই প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য রয়েছে। দক্ষিণ বঙ্গের সেরা এই বিদ্যাপীঠে বর্তমানে প্রায় ১১শ ছাত্র-ছাত্রী অধ্যায়ণরত আছে। এ অসাধারণ সাফল্যের কৃতিত্ব প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. কামরুজ্জামানের বলে মনে করছেন অভিভাবকরা। তার দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে দাবি তাদের।
অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, মানসম্মত পাঠদান, শিক্ষকদের দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে ফলাফলের এই ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে এ নজিরবিহীন সাফল্য বলে মনে করেন অধ্যক্ষ কামরুজ্জামান।
শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত পরিচালনা পর্ষদের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মফস্বলে অবস্থিত আকিজ কলেজিয়েট স্কুল এসএসসি, এইচএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে চলছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
দেশের অন্যতম প্রধান শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার নাভারণে ১৯৯২ সালে স্থাপন করেন আকিজ উদ্দীন হাইস্কুল। পর্যায়ক্রমে যা কলেজিয়েট স্কুলে রূপ নেয়। প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতিবছর এই প্রতিষ্ঠান এসএসসি, এইচএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সেরা তালিকায় স্থান পাচ্ছে। সরকারি অনুদান আর শহরের প্রতিযোগিতামূলক পরিবেশের বাইরে থেকেও প্রতিবছর সেরাদের তালিকায় স্থান পেয়েছে আকিজ কলেজিয়েট স্কুল।
রেজওয়ান বাপ্পী/আরকে