গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, ৪০ হাজার টাকা জরিমানা

রমজান মাসকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত মিথুন অটো চিড়া ও মুড়ির মিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) র্যাব-১৩, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার মিলন মিয়া এবং র্যাব-১৩–এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র বলেন, মিলটির বৈধ অনুমোদনপত্র নেই। তারা মিলের ভেতরে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি সংরক্ষণ করে রেখেছেন। মুড়ি তৈরির চালে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। মিলের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে এই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এমএন