মৃত মুরগি জবাই করে হোটেলে সরবরাহ করছিলেন তিনি

পটুয়াখালীর পুরান বাজারে মৃত মুরগি জবাই করে বিভিন্ন হোটেলে সরবরাহের অভিযোগে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামিম নূর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ সোয়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাজারের ‘আল আমিন মুরগির আড়ৎ’ নামের একটি দোকান থেকে শহরের বিভিন্ন হোটেলে নিয়মিত মুরগি সরবরাহ করা হতো। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে দোকানটি থেকে ৩৭টি মৃত মুরগিসহ প্রায় ১৫০টি জবাইকৃত মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে পাঠানো হয়। সেখানে সরবরাহকৃত মুরগিগুলো মৃত বলে শনাক্ত হলে তা ফেরত পাঠানো হয়। পরে বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে মৃত মুরগিগুলো নদীতে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহাগ হাওলাদার দাবি করেন, যে ফার্ম থেকে মুরগি কেনা হয়েছে, সেখানকার ত্রুটির কারণে মৃত মুরগিগুলো এসেছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামিম নূর ইসলাম জানান, মৃত মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফার্ম থেকে জবাই করে আনা এসব মুরগি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ