সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় খৈয়ম

নতুন সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুর ১২টার দিকে রাজবাড়ী সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাজবাড়ী সফর।
এদিন সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রী খৈয়মকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ দলীয় নেতাকর্মীরা।
প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রথমবারের মত রাজবাড়ীতে আগমন উপলক্ষ্যে এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
জানা গেছে, আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আগামী সোমবার (২মার্চ) পর্যন্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ আসনে তার নির্বাচনী এলাকা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান করবেন।
সফরসূচি সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় ঢাকাস্থ নিজ বাসভবন থেকে পদ্মা সেতু হয়ে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১২টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছান। পরে দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনী কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন। একই দিন বিকাল ২টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং সেখানে রাত্রিযাপন করেন।
সফরের দ্বিতীয় দিনে রোববার (১ মার্চ) সকাল ১১টায় তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দেবেন।
সফরের তৃতীয় দিনে সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটায় তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভায় যোগদান করবেন।
ওই দিন বিকাল ৪টায় গোয়ালন্দ বাজারের লোকমান টাওয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় তিনি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরী ঘাট হয়ে সড়কপথে রাজধনী ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ১১টায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ